শুধু দেশ ও জনগণের পক্ষে JNEWS24TV.COM
স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম খালেকের বিরুদ্ধে নিজ উপজেলায় দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন, স্বজনপ্রীতি এবং সরকারি ও বিভিন্ন সংস্থার বরাদ্দ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহল ও সেবা গ্রহীতাদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
জানা যায়, মোঃ তৌফিকুল ইসলাম খালেক ২০২১ সালের ২৭ ডিসেম্বর মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি মাদারগঞ্জ উপজেলার ৭ নং সিধুলী ইউনিয়নের বীর লোটাবর (চকপাড়া) গ্রামের বাসিন্দা। নিজ উপজেলায় দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন করায় তাঁর কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, নিজ এলাকায় কর্মরত থাকার সুযোগে তিনি তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের বিভিন্নভাবে বাড়তি সুবিধা দিয়েছেন। এতে প্রকৃত উপকারভোগীদের কেউ কেউ সরকারি সেবা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ ছাড়া বিভিন্ন সংস্থা থেকে হতদরিদ্র মানুষের জন্য অনুদান কিংবা বরাদ্দ এলে তা বিতরণের ক্ষেত্রেও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, এসব বরাদ্দ বিতরণের কাজে তাঁর নিজের ভাইকে সম্পৃক্ত করা হয় এবং উপকারভোগীদের তালিকায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের প্রাধান্য দেওয়া হয়। ফলে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষ কাঙ্ক্ষিত সহায়তা পাচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কর্মকর্তার কাছে সাধারণ মানুষের প্রত্যাশা থাকে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা। বিশেষ করে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে হতদরিদ্র, অসহায়, প্রতিবন্ধী, বয়স্ক ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বরাদ্দকৃত সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ ওঠায় বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
তাঁদের দাবি, দীর্ঘদিন নিজ উপজেলায় একই কর্মস্থলে দায়িত্ব পালনের বিষয়টি এবং বরাদ্দ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।
